গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিএনপি ও এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের গজারিয়া গ্রামের বোর্ডবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের সমর্থক বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তাদের মধ্যে তুহিন ও আশিকের অবস্থা গুরুতর।
স্থানীয়দের ভাষ্য, স্বতন্ত্র প্রার্থী নিশাদের কয়েকজন কর্মীর সঙ্গে ওই আসনে বিএনপির প্রার্থী ফারুক আলমের কর্মী-সমর্থকদের কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তুহিন ও আশিকের অবস্থার অবনতি হলে তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।