লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী এ্যানি চৌধুরীর নির্বাচনী গাড়ি থেকে নগদ অর্থ উদ্ধার করেছে সেনাবাহিনী। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, জেলা সদরের ঝুমুর গোল চত্বর এলাকায় এ্যানি চৌধুরীর খালাত ভাই ও ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলের গাড়ি থেকে প্রায় ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়। গাড়িটি এ্যানি চৌধুরীর নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা হচ্ছিল।
এ ঘটনায় বদরুল আলমকে সেনাবাহিনী আটক করেছে। একই সঙ্গে আধা ঘণ্টার মধ্যে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।