ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, প্রশাসনের নির্বিকার ও পক্ষপাতদুষ্ট অবস্থানের কারণে ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালানো হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন শক্ত অবস্থান নেওয়ার বদলে কার্যত একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছে।
সাদিক কায়েম অভিযোগ করেন, চাঁদাবাজদের হামলায় ছাত্রশিবিরের অন্তত ১৩ কর্মী গুরুতর আহত হয়েছে। তিনি বলেন, এই ধরনের ঘটনা কেবল ব্যক্তি বা সংগঠনের ওপর আঘাত নয়, বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর সরাসরি হুমকি।
ডাকসু ভিপি আরও বলেন, যারা গণতান্ত্রিক উত্তরণকে সংঘাতময় করতে চায়, তারা রাষ্ট্র ও জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সহিংসতা ও চাঁদাবাজির বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানিয়ে তিনি ছাত্রসমাজ ও সচেতন জনগণকে নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখতে বলেন।
তিনি উল্লেখ করেন, নির্বাচনের জয়-পরাজয়ের চেয়ে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং সহনশীল পরিবেশ নিশ্চিত করা এখন অগ্রাধিকার হওয়া উচিত। কিন্তু কিছু দল দুঃখজনকভাবে বেপরোয়া ও সংঘাতমুখী পথে অগ্রসর হচ্ছে।
সাদিক কায়েম ফেসবুক পোস্টে আরও বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে পরিকল্পিত সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। মহিলা জামায়াত নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলা, হিজাব নিয়ে উত্তেজনা, প্রতিপক্ষ প্রার্থীদের হুমকি এবং নির্বাচনি সহিংস আচরণের মাধ্যমে একটি নির্দিষ্ট দল পুরো রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করছে।
তিনি প্রশাসনের পক্ষপাতদুষ্ট অবস্থান ও একাংশ গণমাধ্যমের ভূমিকার ওপর গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জনগণকে ভোটের মাধ্যমে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এবং ন্যায়-নিষ্ঠার পক্ষে অবস্থান নিতে আহ্বান জানান, যাতে একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়া যায়।