নির্বাচন-পরবর্তী উত্তেজনার জেরে নড়াইল-২ আসনের ধানের শীষ ও স্বতন্ত্র (কলস প্রতীক) প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ সংঘর্ষে নারীসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। ঘটনার পর হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আহতদের মধ্যে রাব্বি নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুপক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।
কলস প্রতীকের সমর্থকদের দাবি, চায়ের দোকানে বসা অবস্থায় তাদের ওপর অতর্কিত হামলা চলে। অপরদিকে ধানের শীষের সমর্থকদের অভিযোগ, তাদের কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা হলে সংঘর্ষ বাধে।
নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া বলেন,কলস সমর্থক ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।