টাঙ্গাইলের ভূঞাপুরে দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার মেঘার পটল গ্রামে এই ঘটনা ঘটেছে।
এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে ভুক্তভোগীর স্বামী টাঙ্গাইল যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, শহিদুল, সোহেল, এনামুল এবং আল আমিন।
অভিযোগ সূত্রে জানা যায়, মেঘারপটল গ্রামের নাজমুলের বাড়িতে একই এলাকার শহিদুলসহ চারজন ব্যক্তি ভোট চাইতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকায় ওই গৃহবধূ তাদের চলে যেতে বলেন। এক পর্যায়ে অভিযুক্তরা তাকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিতে চাপ দেন। এসময় গৃহবধূ ভোটার না এবং তার পরিবারের সবাই ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেবেন বলে জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে যান। এক পর্যায়ে চারজনের মধ্যে শহিদুল হঠাৎ গৃহবধূকে জড়িয়ে ধরে তার শরীরের স্পর্শকাতর স্থান স্পর্শ করে। অন্যরা তার কাপড় খুলে ফেলার চেষ্টা করে এবং দলবদ্ধভাবে ধর্ষণের চেষ্টা চালায় বলেও থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়।
আরও বলা হয়, এ সময় গৃহবধূ চিৎকার করলে আশেপাশের লোকজন চলে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। তবে যাওয়ার সময় কাউকে এ বিষয়ে জানালে গৃহবধূকে তুলে নিয়ে নির্যাতন করার হুমকি দেয়।
এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
মামলার তদন্ত কর্মকর্তা ভূঞাপুর থানার এসআই মেরাজুল ইসলাম রুবেল বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।